নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের এক দিন পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আজ বুধবার দুপুরে পারভেজ আলী (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পারভেজ উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় তেলিবিল উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে পারভেজের বাবা চেরাগ আলী বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে শরীফপুর সীমান্তের কাছে ধান কাটতে যান। সকাল ১০টার দিকে পারভেজ বাবার জন্য নাশতা নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে সে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে শরীফপুর সীমান্ত এলাকায় স্থানীয় লোকজন একটি ডোবায় লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে লাশটি পারভেজের বলে শনাক্ত করেন। বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, পারভেজের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পারভেজের বাবা চেরাগ আলী বলেন, এলাকার কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। কীভাবে ঘটনাটি ঘটল, তা তিনি বুঝতে পারছেন না।