নিখোঁজের চার দিন পর ইমাম ও অটোচালকের লাশ উদ্ধার
সিলেটের বালাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর মসজিদের ইমাম ও অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইলাশপুর বড়চর গ্রামের সৌদি আরবপ্রবাসী ফিরোজ আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, লাশ দুটির সন্ধান পাওয়ায় গতকাল সকাল থেকে ওই বাড়িটি ঘেরাও করে রাখেন ক্ষুব্ধ এলাকাবাসী। ওই বাড়ির লোকজন ওই দুই ব্যক্তিকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে রাখেন। এ পরিস্থিতিতে সন্ধ্যার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার এবং বাড়ির মালিক ওই প্রবাসীর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে আটক করে। নিহত ব্যক্তিরা হলেন বালাগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল হামিদ (৫৫) ও কাশিপুর গ্রামের অটোরিকশাচালক আরশ আলী (৩০)।
গত শনিবার রাত থেকে হামিদ ও আরশ আলী নিখোঁজ ছিলেন। গত রোববার ভোরে বালাগঞ্জের তাজপুর এলাকা থেকে পুলিশ আরশ আলীর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করলে এ নিয়ে চাঞ্চল্য দেখা দেয়।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অখিল উদ্দিন বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে ওই দুই ব্যক্তিকে আনুমানিক তিন-চার দিন আগে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি বলেন, ‘জামে মসজিদের ইমামের শ্যালিকা হচ্ছেন ওই বাড়ি মালিকের স্ত্রী। অনৈতিক সম্পর্কের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’