নিখোঁজের চার দিন পর ঘেরে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর সজীব মজুমদার (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত আটটার দিকে বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের একটি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। সজীব উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের ছেলে। সে বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
সজীবের পরিবারের সদস্যরা জানান, পাওনা টাকা না দেওয়াকে কেন্দ্র করে সজীবের বাবা সঞ্জিতের সঙ্গে একই গ্রামের অতুল হালদারের ছেলে অশোক হালদার ও অশ্রু হালদারের বিরোধ চলছিল। এ নিয়ে সম্প্রতি তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সজীবের পরিবারের অভিযোগ, ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে সজীবকে হত্যা করেছেন। এ ব্যাপারে গতকাল রোববার সঞ্জিত বাদী হয়ে ওই দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কোদালধোয়া গ্রামের একটি মাছের ঘেরে পেট কাটা ও নাড়িভুঁড়ি বের হওয়া একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ওই দিন রাত আটটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সজীব গত মঙ্গলবার সকালে তার দাদা যোগেশ মজুমদারের সঙ্গে বাটরা বাজারে আসে। এরপর সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। তার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা সঞ্জিত মজুমদার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবে সজীবকে হত্যার পর লাশ গুম করার জন্য পেট কেটে মাছের ঘেরে ফেলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় শিশুটির বাবা সঞ্জিত মজুমদার বাদী হয়ে গতকাল অশোক হালদার ও অশ্রু হালদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন।
গতকাল অশোক ও অশ্রু হালদারের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।