নিখোঁজের চার দিন পর তরুণের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় নিখোঁজের চার দিন পর আজাবুল ইসলাম (১৮) নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের একটি ভুট্টাখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
আজাবুল শৈলমারী গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে। পেশায় দিনমজুর ছিলেন। তাঁর পরিবারের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
আজাবুলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আজাবুলের মাথায় সমস্যা (বুদ্ধিপ্রতিবন্ধী) ছিল। কাউকে না বলে প্রায়ই বাড়ি থেকে চলে যেতেন তিনি। কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে কোথায় গিয়েছিলেন, কার কাছে ছিলেন, তা বলতে পারতেন না। তিনি বলেন, সর্বশেষ গত শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন আজাবুল। পরিবারের সদস্যদের ধারণা ছিল, আগের মতোই তিনি আবার ফিরে আসবেন। কিন্তু আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের একটি ভুট্টাখেতে মৃতদেহ পড়ে থাকার খবর পান তাঁরা। সেখানে গিয়ে দেখা যায়, সেটি আজাবুলের লাশ।
পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একদল পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়।
পুলিশের দলটির নেতৃত্বদানকারী সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির আব্বাস প্রথম আলোকে বলেন, লাশের পাশে পাউডার–জাতীয় বিষ পড়ে ছিল। পরিবারের সদস্যরা বলেছেন, আজাবুল আত্মহত্যা করতে পারেন। তারপরও আইনি জটিলতা এড়াতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।