নিখোঁজের চার দিন পর মিলল স্কুলছাত্রের লাশ
নিখোঁজের চার দিন পর টাঙ্গাইলের সখীপুরের এক স্কুলছাত্রের লাশ গতকাল বুধবার ঘাটাইলের গভীর জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। বখাটেদের গাঁজা সেবনের দৃশ্য মুঠোফোনে ধারণ করায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ছাত্রের নাম আতিক হাসান (১৩)। সে উপজেলার কুতুবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও কুতুবপুর রওশন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আতিক গত শনিবার বিকেলে নিখোঁজ হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই গ্রামের স্কুলছাত্র ওয়াসিম (১৪) ও এইচএসসি পরীক্ষার্থী নাহিদকে (১৮) গত মঙ্গলবার গ্রামবাসী আটক করে পুলিশে দেন।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদুল আলম বলেন, নাহিদ ও ওয়াসিম পুলিশের কাছে আতিককে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তারা বলে, সম্প্রতি নাহিদ, আরিফ (১৫) ও ওয়াসিমের গাঁজা সেবনের দৃশ্য মুঠোফোনে ধারণ করে আতিক। পরে ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। হুমকি পেয়ে তারা আতিকের মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করে। পরে তিনজন মিলে গত শনিবার বিকেলে আতিককে একটি মোটরসাইকেলে করে ঘাটাইলের দেওপাড়া চাম্বলতলা বন বিভাগের জঙ্গলে নিয়ে যায়। সেখানে গিয়ে আতিকের কাছে মুঠোফোন না পেয়ে তারা ক্ষিপ্ত হয়। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে আতিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
নাহিদ বড়চওনা-কুতুবপুর কলেজের ছাত্র। সে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল দুপুর ১২টার দিকে নাহিদ ও ওয়াসিমের সহযোগিতায় ঘাটাইলের চাম্বলতলা গ্রামের গভীর জঙ্গল থেকে আতিকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় আতিকের মা আয়শা আক্তার বাদী হয়ে গতকাল নাহিদ, ওয়াসিম ও আরিফের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আরিফ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।