নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর রবিউল করিম (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রশিদপুর চাকলেরবিল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
রবিউল রশিদপুর গ্রামের ইজ্জল প্রামাণিকের ছেলে। সে রশিদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। গত বুধবার নিখোঁজ হয় রবিউল। এ ঘটনায় গতকাল বিকেলে ইজ্জল প্রামাণিক বাদী হয়ে একই গ্রামের পাঁচ ব্যক্তিকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেছেন। পুলিশ মামলার দুই আসামি মারুফ হোসেন ও ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁরা পুলিশের জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে রশিদপুর চাকলেরবিলে কাজ করার সময় শ্রমিকেরা রবিউলের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে তাঁরা এলাকাবাসীকে ঘটনাটি জানান। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
রবিউলের বাবা ইজ্জল প্রামাণিক বলেন, আসামিরা তাঁর ছেলেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ গুম করতে চেয়েছিল। তবে কী কারণে তারা রবিউলকে হত্যা করেছে, তা তিনি জানেন না।
গুরুদাসপুর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, আসামিরা মাদকাসক্ত। মাদক সেবনে রাজি না হওয়ায় রবিউলকে হত্যা করা হতে পারে।