নিখোঁজের চারদিন পর মিলল ব্যবসায়ীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের চার দিন পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল সোমবার রাতে আবদুল মজিদ (৬৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের উত্তর চান্দগ্রামের বাসিন্দা। স্থানীয় চান্দগ্রাম বাজারে তাঁর একটি মুদি দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গত বৃহস্পতিবার রাতে আবদুল মজিদ দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এ ব্যাপারে পরদিন শুক্রবার বিকেলে মজিদের ছেলে ইমাম উদ্দিন বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার রাতে উত্তর চান্দগ্রাম এলাকায় বাঁশঝাড়ের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা গিয়ে লাশটি মজিদের বলে শনাক্ত করেন।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর প্রথম আলোকে বলেন, মজিদের তলপেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাত দেখা গেছে। প্রাথমিক তদন্তে একে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।