নিখোঁজ হওয়ার ছয় দিন পর শেরপুর সরকারি কলেজের ছাত্র মিনহাজুল ইসলাম ওরফে আকাশের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
মিনহাজুল (১৭) শেরপুর শহরের গৌরীপুর এলাকার মৃত মফিজুল ইসলামের একমাত্র সন্তান। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে গত সোমবার সকালে তার লাশ উদ্ধার করে।
মিনহাজুলকে হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন হয়। পরে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিনহাজুল তার চাচা সুমন ইসলামের বাড়িতে থাকত। ১১ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল। পরদিন এ ব্যাপারে তার চাচা সুমন ইসলাম শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সকালে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। আকাশের প্যান্টে থাকা বন্ধ মুঠোফোনটি চালু করে সেভ করা নম্বরে ফোন দিয়ে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মিনহাজুলের লাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মিনহাজুলের চাচা সুমন ইসলাম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
মিনহাজুলের চাচা সুমন ইসলাম বলেন, মিনহাজুলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। শহরের গৌরীপুরের বাসায় থেকে সে লেখাপড়া করত। সোমবার গভীর রাতে সদর উপজেলার চরশেরপুর দড়িপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।