নিখোঁজের ছয় দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ছয় দিন পর আমিনুল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহত আমিনুলের বাড়ি আইলহাস গ্রামের পূর্ব পাড়ায়। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী।

আমিনুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুনের ভাষ্য, ১৩ ডিসেম্বর দেশীয় ইঞ্জিনচালিত যান আলমসাধু রিজার্ভ করে ঝিনাইদহে কাঠ বিক্রি করতে যান তাঁর বাবা। ওই সন্ধ্যায় বাড়ির উদ্দেশে একই আলমসাধুতে করে রওনা দিলেও গ্রামের কাচারি বাড়ি এলাকায় নেমে পড়েন বলে আলমসাধু চালক মহিদুল তাদের জানান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর আর কোনো খোঁজও পাওয়া যায়নি। ১৪ ডিসেম্বর এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং ১৮ ডিসেম্বর এজাহার দায়ের করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, এজাহারের পর পুলিশ জহুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার এবং আভা রানী নামের একজনকে আটক করে। আজ সোমবার সকালে গ্রামের একটি ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ছড়ালে আমিনুলের মরদেহের সন্ধান পাওয়া যায়। তাঁর দাবি, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে পরকীয়ার কারণে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আমিনুলের পরিবারের দাবি, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে আমিনুলকে অপহরণ ও হত্যা করেছে।