নিখোঁজের ছয় দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ছয় দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার একটি ভুট্টাখেত থেকে আজমত আলী (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজমত আলী উপজেলার বাহাদুরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

দুলাল হোসেন জানান, তাঁর ছেলে ৭ এপ্রিল সকালে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় ৯ এপ্রিল সিংড়া থানায় এ ব্যাপারে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সিংড়া থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহাদুরপুরের একটি ভুট্টাখেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে শিশুটির শরীর বিকৃত হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু কারণ সম্পর্কে কোনো ধারণা করতে পারছে না পুলিশ।

আজ বিকেলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।