
মাদারীপুর থেকে নিখোঁজের তিন দিন পর খালেদ সাইফুল্লাহর (২০) খোঁজ মিলেছে। পুলিশ দাবি করেছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মাতুয়াইলের বাদশা মিয়া রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার মূল পরিকল্পনাকারী।
গত মঙ্গলবার থেকে খালেদ সাইফুল্লাহর বাবা ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রধান কাজী বেলায়েত হোসেনের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন খালেদের মামা। পুলিশ বলেছে, তাদের সন্দেহ, তিনি আত্মগোপন করেছেন। পরিবারের অভিযোগ, সোমবার রাতে পুলিশ পরিচয়ে সাদাপোশাকে থাকা কয়েকজন ব্যক্তি মাদারীপুরের কালকিনি থেকে খালেদকে তুলে নিয়ে যান। রিপন চক্রবর্তী সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক। হামলায় তিনি গুরুতর জখম হন। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়।
পুলিশ বলেছে, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর রাত সোয়া একটার দিকে ডেমরা থানায় খালেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় গতকাল শুক্রবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার খালেদ সাইফুল্লাহ ওরফে জামিল ওরফে আফিফ কাইফি ওরফে পথভোলা পথিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। রিপন চক্রবর্তীর ওপর হামলার কিছুদিন আগে খালেদের বাবা কাজী বেলায়েত অসুস্থ হন। রিপন চক্রবর্তী সহকর্মী কাজী বেলায়েতকে দেখতে তাঁদের বাসায় যান। তখন তাঁকে দেখে হত্যার ভাবনা খালেদের মাথায় আসে। ১২ জুন রিপন চক্রবর্তীকে হত্যার জন্য অনলাইন অ্যাপস ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে তাঁদের গ্রুপের দলনেতা ও কথিত আমিরের অনুমতি নেন খালেদ।
মনিরুল ইসলাম বলেন, পরিকল্পনা বাস্তবায়নে খালেদ মাদারীপুরের পুরান বাজার কামারপট্টি থেকে ২ হাজার ৭০০ টাকা দিয়ে দুটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও একটি চাকু কেনেন। ১৫ জুন কথিত আমিরের মাধ্যমে পাঠানো গোলাম ফয়জুল্লাহ ফাহিমসহ আরও তিন-চারজন রিপন চক্রবর্তীর ওপর হামলা করেন। রিপন চক্রবর্তীর পূর্বপরিচিত বলে খালেদ ঘটনাস্থল থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন।
মনিরুল ইসলাম বলেন, হামলায় অংশ নেওয়ার সময় ফয়জুল্লাহ ফাহিম তাঁর মুঠোফোনটি খালেদের কাছে রাখতে দিয়েছিলেন। ঘটনার পরপরই ফাহিম স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। অবস্থা বেগতিক দেখে ফাহিমের মুঠোফোনটি নিয়েই খালেদ পালিয়ে যান। তিনি বলেন, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ডেমরা থেকে খালেদকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করেন। মুঠোফোনে ডাউনলোড করা ‘টেলিগ্রাম’ নামের একটি অ্যাপসের মাধ্যমে কথিত আমিরের সঙ্গে বার্তা আদান-প্রদান এবং কলেজশিক্ষকের ওপর হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
১৫ জুন কলেজশিক্ষক রিপন চক্রবর্তীকে কলেজের পাশে তাঁর বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। ওই ঘটনায় আটক হন ঢাকার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম (১৯)। ১৮ জুন রিমান্ডে থাকা অবস্থায় ফাহিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। হামলার এক দিন পর মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন বলেছিলেন, ফাহিম হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, নিহত ফাহিম আগে হিযবুত তাহ্রীরের সদস্য ছিলেন, পরে খালেদ সাইফুল্লাহর মাধ্যমে তিনি জেএমবির সদস্য হন ও হামলায় অংশ নেন। খালেদের নেতৃত্বে এমন আরও ৪৯ জনের একটি দল আছে।
মনিরুল ইসলাম দাবি করেন, ফাহিমকে নিয়ে অভিযানে গেলে তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এর ব্যাখ্যায় তিনি বলেন, অভিযানের সময় পুলিশ সেমি লেথাল অস্ত্র ব্যবহার করেছে। আর ফাহিমের শরীরে লেথাল অস্ত্রের গুলি পাওয়া গেছে।
খালেদকে সাদাপোশাকে তুলে নেওয়া হয়েছে, পরিবারের এমন অভিযোগ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিরা ভয়ে পালিয়ে ছিলেন। কাউকে তুলে নেওয়া হয়নি। ডেমরা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নিখোঁজ কাজী বেলায়েত হোসেন সম্পর্কে মাদারীপুরের পুলিশ সুপার বলেন, ছেলে এমন কাজে যুক্ত তা টের পেয়ে হয়তো ওই শিক্ষক আত্মগোপনে চলে গেছেন। পুলিশের সন্দেহ, তিনি আত্মগোপনে রয়েছেন। খালেদের পরিবারের কর্মকাণ্ডও পুলিশ খতিয়ে দেখবে।
শরীয়তপুর প্রতিনিধি জানিয়েছেন, কাজী বেলায়েতের তিন ছেলের মধ্যে খালেদ বড়। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন। গত বছর ফরিদপুরের মার্কাজ মাদ্রাসায় ভর্তি হন। রমজান মাস শুরু হলে তিনি কালকিনি উপজেলার গোপালপুর বড় মসজিদে তারাবি নামাজের ইমামতির দায়িত্ব নেন।
খালেদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামে। মাদারীপুর শহরের গোলাবাড়িতে তাঁদের বাড়ি রয়েছে। গতকাল দুপুরে গোলাবাড়ির ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে খালেদের মামা গোলাম রসুল বলেন, ‘খালেদের বাবা ও পরিবারের অন্য সদস্যরা কোথায় আছেন জানি না।’