নিখোঁজের তিন দিন পর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই চালকের নাম মো. গাজী মিয়া (২৮)।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও গাজী মিয়ার পরিবারের সদস্যরা জানান, গাজী মিয়া নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের মহিষবের গ্রামের আনিছ মিয়ার ছেলে। তিন বছর ধরে তিনি সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের সেলিম মিয়ার বাড়িতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভাড়া বসায় বসবাস করতেন।
গত রোববার সকালে গাজী মিয়া অটোরিকশা নিয়ে বের হন। ওই দিন বিকেল পাঁচটার দিকে স্ত্রীর সঙ্গে গাজী মিয়ার শেষ কথা হয়। সন্ধ্যার পর থেকে তিনি অটোরিকশাসহ নিখোঁজ হন।
গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে গলাকাটা একটি লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন গাজী মিয়ার লাশ শনাক্ত করেন। লাশে পচন ধরেছে। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ওই চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই চালককে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে।’