নিখোঁজের তিন দিন পর ছাত্রীর লাশ উদ্ধার
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়মুলনা গ্রাম থেকে গতকাল শুক্রবার চাঁদনি আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদনি জাজিরা বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও একই উপজেলার ছোট মুলনা গ্রামের আলী আজগর খানের মেয়ে। গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়।
গ্রামবাসী সূত্র জানায়, বুধবার বিদ্যালয় ছুটির পর বান্ধবী পাখি আক্তারের সঙ্গে বাড়ি ফিরছিল চাঁদনি। পথিমধ্যে পাখি তার ভাইয়ের শ্বশুরবাড়িতে থেকে যায়। এরপর চাঁদনি একাই ফিরছিল। কিন্তু বাড়ি ফিরে না আসায় তার স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার বড় মুলনা খালের পাড়ে তার স্কুল ব্যাগটি পাওয়া যায়। শুক্রবার সকালে স্বজনেরা সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য জাজিরা থানায় গেলে পুলিশ তাঁদের বিকেলে সেখানে যেতে বলে।
থানা থেকে ফিরে কিশোরীর চাচা আজাহার খান বড় মুলনা খালের পাড় ধরে চাঁদনিকে খুঁজতে থাকেন। বেলা আড়াইটার দিকে খালের পাড়ে চাঁদনির লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেন। এ ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাখি আক্তারকে আটক করেছে। চাঁদনির মা শরীফা বেগম বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই, জীবনে কারও কোনো ক্ষতি করিনি।’
থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির বান্ধবীকে আটক করা হয়েছে।