নিখোঁজের তিন দিন পর তিনজনের লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর বান্দরবানের আলীকদম-থানচি সড়কের রুমভেত ম্রো পাড়া এলাকা থেকে আজ সোমবার দুপুরে তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই তিনজন হলেন আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ওবায়দুল হক পাড়ার আবু বক্কর (২৬), আলীকদম সদর ইউপির শাহাব উদ্দিন (২৮) ও নূরুল আবছার (৩০)। গত শুক্রবার সকালে থানচি (২৮ কিলোমিটার) তংপু পাড়া এলাকা থেকে তাঁরা নিখোঁজ হন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রোববার থানচি এলাকার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই চারজন হলেন থানচির জোহন ত্রিপুরা, অসীম ত্রিপুরা, রবার্ট ত্রিপুরা ও জীবন ত্রিপুরা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ওই তিন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের শরীরে পোড়ার দাগ, মাথায়-পিঠে ক্ষত এবং ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ তিনটি আগামীকাল মঙ্গলবার বান্দরবান সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। গ্রেপ্তার চার যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত আবু বক্করের ভাই আবুল হাসেম আজ ওই চারজনসহ ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন।
আবুল হাসেম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার সকালে তাঁর ভাই আবু বক্করসহ তিনজন মোটরসাইকেলে করে আলীকদম থেকে থানচি (২৮ কিলোমিটার) তংপু পাড়ায় আড়াই লাখ টাকা নিয়ে গরু কেনার জন্য যান। পরে তাঁরা সেখানে পৌঁছে বিকাশের মাধ্যমে বাসা থেকে আরও ৫০ হাজার টাকা নেন। এরপর থেকে তাঁদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের না পেয়ে গত শনিবার তিনি থানচি থানা-পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানান। গতকাল রোববার মুঠোফোনে একজন ফোন করে তাঁকে আলীকদম-থানচির সড়কের আশপাশের এলাকায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করতে বলেন। এ ঘটনা পুলিশকে জানালে গতকাল পুলিশ ওই জোহন, অসীম ও রবার্টকে গ্রেপ্তার করে। আর জীবনকে বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের রেমাক্রি ক্যাম্প সদস্যরা গ্রেপ্তার করেন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।