নিখোঁজের তিন দিন পর পুলিশ কনস্টেবল উদ্ধার
পিরোজপুরে এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) নিখোঁজের তিন দিন পর পাওয়া গেছে। গত বুধবার তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেচরি গ্রামের বাড়িতে ফিরে আসেন।
ওই পুলিশ সদস্য হলেন মলয় দাস (৩৬)। তিনি দেড় বছর ধরে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, মলয় দাস আদালতের পুলিশ ব্যারাকে থাকতেন। গত সোমবার সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাঁর গ্রামের বাড়িসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করা হয়। পরে সন্ধান না পেয়ে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের পুলিশ পরিদর্শক শাহ আলম সোমবার রাতে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে মলয় বাড়ি ফিরে আসেন। খবর পেয়ে ভান্ডারিয়া থানার পুলিশ মলয়কে বাড়ি থেকে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।
মলয় দাস বলেন, পিরোজপুর থেকে তাঁকে অপহরণ করে চোখ বেঁধে একটি নৌকায় তিন দিন আটক রাখা হয়। বুধবার রাতে তাঁকে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নদীর তীরে ফেলে রেখে যায় অপহরণকারীরা। এরপর তিনি বাড়িতে যান।
পুলিশ সুপার ওয়ালিদ হোসেন বলেন, ‘পুলিশ কনস্টেবল বাড়ি ফেরার পর আমরা খবর পাই। বাড়ি থেকে মলয় দাসকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। মলয় জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল।’