নিখোঁজের তিন দিন পর মিলল হাত পা বাঁধা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার এক ডোবা থেকে আজ রোববার সন্ধ্যায় কবির হোসেন (৩২) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার পুলিশ জানায়, কবিরের বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর পশ্চিমপাড়া গ্রামে। খবর পেয়ে আজ সন্ধ্যায় উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের তালশহর এলাকার একটি ডোবা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কবির হোসেনের বড় ভাই দুলাল মিয়া সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার দুপুরে কবির হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান মেলেনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতে পারছেন না।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কবিরের হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দুই দিন আগেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশে পচন ধরেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত চলছে।