নোয়াখালীর হাতিয়ায় গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের সময় মারধর করে এক ব্যক্তিকে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল রোববার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম বাহার উদ্দিন ওরফে বাহার সরদার (৪৫)। তিনি এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার তমরুদ্দী লঞ্চঘাটের দক্ষিণ দিকে মেঘনা নদীর একটি চরে অজ্ঞাতপরিচয় একটি লাশ পড়ে থাকতে দেখেন জেলেরা। এ তথ্য জানার পর নিহত ব্যক্তির স্বজনেরা চরে গিয়ে লাশটি শনাক্ত করেন। রাত ১০টার দিকে লাশটি নৌকায় করে তমরুদ্দী লঞ্চঘাটে নিয়ে আসেন তাঁরা। গতকাল সকালে হাতিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশের গলা ও পেট কাটা ছিল। এ ছাড়া পায়ে গুলির দাগ দেখা গেছে।
এ নিয়ে গত এক সপ্তাহে হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে তিন নেতা-কর্মী নিহত হয়েছেন। গত ৩০ মার্চ উপজেলার চরকিং ইউনিয়নের আফাজিয়াবাজারে সন্ত্রাসীদের ছররা গুলিতে আহত হন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন। ৯ এপ্রিল (গত রোববার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চার শিক্ষক ছিলেন। তাঁর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন। আশরাফের মৃত্যুর পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরববাজার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মারা যান যুবলীগের কর্মী নূর আলম। ওই দিনই মারধরের পর বাহার উদ্দিনকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
হাতিয়ায় আওয়ামী লীগের দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হাতিয়ার সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী। তাঁর স্ত্রী আয়েশা ফেরদৌস হাতিয়ার বর্তমান সাংসদ। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
নিহত তিনজনের মধ্যে দুজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনের অনুসারী। তাঁরা হলেন মহিউদ্দিনের ছোট ভাই আশরাফ ও চরকিংয়ের যুবলীগের কর্মী নূর আলম। অপরদিকে নিহত বাহার সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারী ছিলেন বলে স্থানীয় নেতা-কর্মীরা জানান।
গতকাল বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিহত বাহারের ছোট ভাই জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে মহিউদ্দিনের লোকজন তাঁর ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে ও গুলি করে আহত অবস্থায় মেঘনা নদীতে ফেলে দেয়।
তবে জসিম উদ্দিনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মহিউদ্দিন। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি বলেন, বাহারের ওপর হামলার যে ঘটনা প্রচার করা হচ্ছে, এ রকম কোনো ঘটনা হাতিয়ায় ঘটেনি। উদ্ধার করা লাশটি বাহার সরদারের কি না, তা পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। তাঁরা নিজেদের অপরাধ ঢাকার জন্য এসব বলে বেড়াচ্ছেন।
এদিকে গতকাল সকালে হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদৌস ঢাকা থেকে লঞ্চযোগে তমরুদ্দীঘাটে পৌঁছান। তিনি বাহারের স্ত্রী রাজিয়া খাতুনসহ স্বজনদের সান্ত্বনা দেন। বাহারের স্ত্রীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন সাংসদ।