নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার
নিখোঁজ থাকার তিন দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার নৈমদ্দিন খাঁর পাড়ার পদ্মার চরের পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবক গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন।
নিহত ওই ব্যক্তি হলেন উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশন আঙ্কের শেখের পাড়ার ফজলু শেখ (৩২)। এ ঘটনায় নিহত ফজলুর ভাই বাচ্চু শেখ গতকাল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
নিহত ফজলুর মামা স্থানীয় গ্রামপুলিশ তোতা শেখ বলেন, গত রোববার সন্ধ্যার পর ফজলু বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়ার পরও তাঁকে না পেয়ে গত বুধবার দুপুরে বাচ্চু শেখ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গতকাল সকাল আটটার দিকে পরিবার ও গ্রামের লোকজন মিলে এলাকার আশপাশে তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে থাকা ডালপালা ওঠাতে গেলে একটি গলাকাটা লাশ ভেসে ওঠে। এ সময় পরিবারের লোকজন সেটিকে ফজলুর লাশ বলে শনাক্ত করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। লাশের সঙ্গে মাটি দিয়ে তৈরি একটি চাদরের পোঁটলা বাঁধা ছিল। বিষয়টি পুলিশকে জানালে সকাল সাড়ে ১০টার দিকে তারা লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, জড়িত সন্দেহে তাপস পাল (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।