নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে নিখোঁজের তিন দিন পর তারা মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার বংশাই নদের ত্রিমোহন এলাকায় একাব্বর হোসেন সেতুর কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী বাসাইল থানার হাবলা ইউনিয়নের বৈরপাড়া গ্রামে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেনের ভাষ্য, গত শনিবার রাতে তারা মিয়া নিখোঁজ হন। পরের দিন রোববার টাঙ্গাইলের বাসাইল থানায় তাঁর আত্মীয়রা সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে এলাকাবাসী একটি মরদেহ নদীতে ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তাঁর স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন।

নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই বাবুল হোসেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।