নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর আট বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুরবাড়ির সামনের সেতুর নিচ (খাল) থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটির নাম নুসরাত জাহান। সে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সৌদিপ্রবাসী এরশাদ হোসেনের মেয়ে। নুসরাত পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির গলায় ফাঁস লাগানো ছিল। লাশ প্রায় গলে গেছে। গত শুক্রবার জুমার নামাজের আগে নুসরাত নিখোঁজ হয়। পরদিন শনিবার তার মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিয়া উদ্দিন বলেন, মেয়ের নিখোঁজের সংবাদ পেয়ে সৌদি আরব থেকে এরশাদ হোসেন রোববার বাড়ি চলে আসেন। কী কারণে নুসরাতকে হত্যা করা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। একমাত্র মেয়েকে হারিয়ে মা-বাবা বারবার অচেতন হয়ে পড়ছেন।
রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, ওই শিশুকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে খালে ফেলে দেয় হত্যাকারীরা। হত্যার বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।