নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুকুরে জাগ দেওয়া পাটের স্তূপের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাঙা গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটির নাম রাব্বি শেখ (১৩)। সে আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। আজ সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাব্বির বাড়ি রাজবাড়ী সদর উপজেলার থানখানাপুর ইউনিয়নের নতুনপাড়া। ১১ বছর আগে তার বাবা মোহাম্মদ সরদার মারা যাওয়ার পর মা হাসিনা বেগম রাব্বি ও তার বড় বোনকে নিয়ে বাবার বাড়ি মরডাঙা গ্রামে চলে আসেন। চার মাস আগে রাব্বির মা গৃহকর্মী হিসেবে সৌদি আরব গেছেন। রাব্বির বড় বোনের বিয়ে হয়ে গেছে।
রাব্বির মামা খোকন মল্লিক জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে তারা রাব্বিকে খুঁজছিলেন। আজ তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রতিবেশী ফাতেমা বেগম পাট ধোয়ার জন্য বাড়ির পাশে মজা পুকুরে নেমে রাব্বির লাশ দেখতে পান। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেছেন, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, কেউ রাব্বিকে হত্যা করে লাশ পুকুরে জাগ দেওয়া পাটের নিচে রেখে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।