নিখোঁজের তিন দিন পর সেতুর নিচে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর একটি সেতুর নিচ থেকে আশিক মিয়া (৯) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার এক হাত কনুই থেকে বিচ্ছিন্ন ছিল। হাতটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, সরিষাবাড়ীর ভুড়ারবাড়ি গ্রামের দিনমজুর নূরুল ইসলামের ছেলে আশিক মিয়া আরামনগর বাজারের অ্যাকটিভ কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সেন্টারের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল সে। পরে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভুড়ারবাড়ির একটি সেতুর নিচে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। আশিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ ভুড়ারবাড়ি গ্রামের বাসিন্দা ও আশিকদের প্রতিবেশী বাবুল মিয়ার ছেলে সবুজ (১৮) ও একই গ্রামের সুরুজ্জামানের ছেলে জবান আলীকে (২২) আটক করেছে। বিকেল পর্যন্ত থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছিল।
আশিকের পরিবার জানায়, তাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তাই কারা এ ঘটনায় দায়ী বা কী জন্য তাকে এভাবে মেরে ফেলা হলো, সেসব বিষয়ে ধারণা করতে পারছে না তারা।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আশিককে হত্যা করে সেতুর নিচে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। তার ডান হাত কনুই থেকে কাটা এবং কোমর ও গলায় কাটা দাগ রয়েছে। হাতটি উদ্ধার করা যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, এ ঘটনায় গতকাল বিকেলে শিশুটির মা অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন।