নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংকে মিলল লাশ
নেত্রকোনার মোহনগঞ্জের মাহমুদপুর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর এক তরুণের লাশ মিলল সেপটিক ট্যাংকে। তাঁর নাম রোকেল মিয়া (১৮)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। রোকেল ওই গ্রামের কৃষক বাবুল মিয়া ছেলে ছিলেন।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে গ্রামের বকুল মিয়ার বাড়িতে আয়োজিত একটি জিকির মাহফিলে যোগ দিতে যান রোকেল। এর পর তিনি আর বাড়ি না ফেরায় গতকাল মঙ্গলবার তাঁর বাবা বাবুল মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে একই গ্রামের হারিছ মিয়ার বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ বের হয়। স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে ওই সেপটিক ট্যাংকের ভেতর থেকে রোকেলের লাশ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশে পচন ধরে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।