নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংকে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরে সেপটিক ট্যাংকের ভেতরে মিলল নাহিদ শেখ নামের চার বছরের এক শিশুর লাশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার তিন দিন আগে নারায়ণগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর ডোবা থেকে উদ্ধার করা হয়েছিল চার বছরের আরেক শিশুর লাশ। তারও দুই দিন আগে বরিশালে নিখোঁজের চার দিন পর ঘের থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের গোয়া বাহারা গ্রামে নানা আদম আলী শেখের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাহিদের লাশ উদ্ধার করা হয়। নাহিদ ওই বাড়িতেই থাকত। জনি শেখ ও মর্জিনা বেগম দম্পতির একমাত্র সন্তান সে। গাড়িচালক জনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
আদম আলী শেখের ভাষ্য, তাঁর নাতি নাহিদকে গত সোমবার বেলা তিনটা থেকে পাওয়া যাচ্ছিল না। ওই দিন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এ ব্যাপারে গত বুধবার রাতে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল সকালে বাড়ির সেপটিক ট্যাংকের কাছে একটি বিড়াল অনবরত ডাকাডাকি করায় বাড়ির লোকজন সেখানে যান। ট্যাংকের ভেতরে কেউ থাকতে পারে—এমন সন্দেহে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেখান থেকে নাহিদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তাঁরা হলেন গোয়া বাহারা গ্রামের আবদুল হক সরদার (৪০), পাশের কহলদিয়া গ্রামের খায়রুল ঢালি (৩৫) ও মুন্সিগঞ্জের নয়াদীঘির পাথর গ্রামের মো. লিটন (২৮)। লিটন কহলদিয়া গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকেন।
ঘটনার ব্যাপারে মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) শম্ভু চাঁদ মণ্ডল বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।