নিখোঁজের তিন দিন পর সাংবাদিক সজীবের লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর মুন্সিগঞ্জ থেকে সাংবাদিক আওরঙ্গজেব সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াগাওয়ের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি শনাক্ত করেন তাঁর স্ত্রী মোরশেদা বেগম।
মুন্সিগঞ্জের মুক্তারপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউনুস খান বলেন, উপজেলার নয়াগাও এলাকায় ধলেশ্বরী নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ধলেশ্বরীর তীরে রাখা হয়। খবর পেয়ে সাংবাদিক আওরঙ্গজেবের স্ত্রী গিয়ে লাশ শনাক্ত করেন।
আওরঙ্গজেব সজীব বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়, যমুনা, ইন্ডিপেনডেন্ট ও বাংলা ভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে তিনি পুরান ঢাকার উর্দু রোডে থাকতেন।
সজীবের পরিবার জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে গাজীপুরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সজীব। পরদিন ২০ ডিসেম্বর সকালে বাসায় ফেরেন। ওই দিন সকাল সাতটার দিকে আবার ঢাকা মেডিকেলে যাওয়ার কথা বলে বের হন। পরে তাঁরা জানতে পারেন, ওই দিন সকালে সজীব রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরগামী তাকওয়া লঞ্চে চড়েছিলেন। লঞ্চটি মুন্সিগঞ্জে গেলে মুঠোফোন ও গণমাধ্যমের পরিচয়পত্র রেখে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বলেন, ২০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা পর্যন্ত মেডিকেলে ছিলেন সজীব। এরপর আর তাঁকে দেখা যায়নি। দুপুরের দিকে তাঁরা শোনেন, লঞ্চ থেকে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েছেন।
সজীবের পরিবার জানায়, সজীবের চাঁদপুরে বা অন্য কোথাও যাওয়ার কথা ছিল না। আর নদী থেকে ঝাঁপ দেওয়ারও কোনো কারণ খুঁজে পাচ্ছে না তারা।
সাংবাদিক আওরঙ্গজেবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি এলাকায়। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।