নিখোঁজের দুই দিন পর গুলশানে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী থেকে নিখোঁজ হওয়া মেহেদি হাসান (৩২) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে গুলশান লেকে তাঁর অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। পুলিশ বলছে, লাশে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে কীভাবে তিনি সেখানে এলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
গুলশান থানার এসআই রফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে গুলশান ১ নম্বরে অবস্থিত ইন্ডিয়ান ভিসা সেন্টারের পেছনে লেকের পানিতে পথচারীরা একটি লাশ ভাসতে দেখে। থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তিনি বলেন, লাশটি লেকের তীর থেকে দু-তিন হাত দূরে ছিল। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গণমাধ্যমে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার খবর প্রকাশিত হলে গতকাল বিকেলে মর্গে আসেন মেহেদি হাসানের স্ত্রী সুমি হোসেন। তিনি লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন। সুমি বলেন, উত্তর যাত্রাবাড়ীতে তাঁদের বাসা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন মেহেদি হাসান। গত মঙ্গলবার সকালে নাশতা করে তিনি বাসা থেকে বের হন। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেন বলেন, মেহেদি নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডিতে কারও
সঙ্গে কোনো শত্রুতার কথা উল্লেখ করা হয়নি।