নিখোঁজের দুই দিন পর ধানখেতে স্কুলছাত্রের লাশ
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের ধানখেত থেকে মো. ইসমাইল হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে।
ইসমাইল ওই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। গতকাল সোমবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের ধানখেতে তার লাশ পাওয়া যায়।
পরিবারের লোকজনের ধারণা, দামি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার জন্য এলাকার একদল বখাটে তাকে হত্যা করতে পারে।
নিহত ইসমাইলের চাচাতো ভাই আনিসুর রহমান বলেন, ইসমাইল গত শনিবার সন্ধ্যায় বাড়ির সামনের দোকানে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল।
গতকাল সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক কৃষক জমির আগাছা তুলতে যান। ওই সময়ে তিনি লাশের সন্ধান পান।
পরে বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ইসমাইল হোসেন জোয়াগ আহমদিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় নিহত ইসমাইলের বাবা মো. আবুল হোসেন চান্দিনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। তিনি বলেন, ‘ইসমাইলকে তার জাপানপ্রবাসী মামা ৫০ হাজার টাকা দামের একটি মুঠোফোন দিয়েছিল। ওই মুঠোফোনের ওপর এলাকার কিছু বখাটের চোখ পড়ে। হয়তো তারাই ওই কাজ করতে পারে। আমাদের সঙ্গে কারও বিরোধ নেই।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্সেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বের করে আইনের আওতায় আনা হবে।