নিখোঁজের দুই দিন পর প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর রাজশাহী নগরে ১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের চণ্ডীপুর এলাকার একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহত শিশুটির নাম এ্যানি খাতুন। সে চণ্ডীপুর এলাকার মৃত গোলাম মোহাম্মদ রতনের মেয়ে। যে ঝোপের কাছে থেকে এ্যানির লাশ উদ্ধার করা হয়েছে, সেটির কাছেই ওই শিশুর দাদা আবদুল মালেকের বাড়ি। সেখানেই থাকত সে।
দাদা আবদুল মালেক বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এ্যানিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকালে শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। দুপুর ১২টার দিকে ঝোপের মধ্যে এ্যানির লাশ দেখতে পান স্থানীয় গৃহবধূ ডলি খাতুন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আবদুল মালেক বলেন, দুর্বৃত্তরা এ্যানিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
এ্যানির চাচি বুলবুলি খাতুন বলেন, মেয়েটি মা ও বাবা ছাড়া কোনো কথা বলতে পারত না। মাঝেমধ্যেই এভাবে হারিয়ে যেত। আবার খুঁজেও পাওয়া যেত। কিন্তু ওই সন্ধ্যার পর আর এ্যানিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুলবুলি খাতুন আরও বলেন, শিশুটির বাবা মারা যাওয়ার পর মা ঢাকায় চলে যান। দাদার বাড়িতে এ্যানি তাঁর কাছেই থাকত।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ গতকাল বিকেলে বলেন, প্রতিবন্ধী ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।