নিখোঁজের দুই দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর গতকাল সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের বারুল গ্রামের একটি পুকুর থেকে মো. জুনায়েদ ইসলাম (৮) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
জুনায়েদ ওই গ্রামের মো. সেলিমের ছেলে। সে বারুল দক্ষিণপাড়া নূরানী মাদ্রসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় আবু নাছের (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, জায়গাজমি নিয়ে নাছেরের সঙ্গে জুনায়েদের পরিবারের বিরোধ আছে।
জুনায়েদের নানা শামছুল আলম প্রথম আলোকে জানান, গত শনিবার থেকে জুনায়েদ নিখোঁজ ছিল। গতকাল সকাল ছয়টার দিকে পাশের একটি বাড়ির পুকুরে জুনায়েদের লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ওসি মো. হানিফুল ইসলাম জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে আবু নাছেরকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।