নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছী গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ছয় মাসের শিশুসন্তান সোনিয়ার মৃতদেহ একটি পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে বেলকুচি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত হত্যার সঠিক তথ্য নিরূপণ করা কঠিন। সোনিয়ার বাবা শমসের আলী এলাকায় পাগলা বলে পরিচিত। তাঁতশ্রমিকের পাশাপাশি তিনি রিকশাভ্যানও চালান। তবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় নিহত শিশুর নানা আবদুল করিম বাদী হয়ে শমসের আলীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। আসামি শমসের আলী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা-পুলিশ, মামলার এজাহার ও নিহত শিশুর স্বজন সূত্রে জানা গেছে, দেড় বছর আগে উপজেলার বওরা গ্রামের আবদুল করিমের মেয়ে হালিমা খাতুনের পার্শ্ববর্তী গাবগাছী গ্রামের তাঁতশ্রমিক শমসের আলীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর একটি সন্তানের জন্ম হওয়ার পর দুজনের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। দুই মাস আগে হালিমা তাঁর সন্তান নিয়ে বাবার বাড়িতে এসে বসবাস করতে থাকেন। গত সোমবার শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়।
খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুই দিন পর বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে পাটখেতের ভেতর শিশুর লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে রাত নয়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে শিশুর নানা আবদুল করিম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, হালিমা বাড়িতে আসার পরও শমসের নানাভাবে তাকে হুমকি দিতেন। তার সন্তানকে নিয়ে যাবেন বলেও হুমকি দিতেন। সোমবার শমসের নিজে এসে সোনিয়াকে নিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।