নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর কাজী ফয়সাল নামে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার পাইস্কা গ্রামের ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশু ফয়সাল পাইস্কা গ্রামের কাজী ইলিয়াসের ছেলে। সে ওই এলাকার মোস্তফা একাডেমির প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে ফয়সাল নিখোঁজ। এ ঘটনায় ফয়সালের বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার পাইস্কা গ্রামের কবরস্থানের পাশে ডোবায় শিশুর লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরনের পোশাক দেখে শিশুটির স্বজনেরা লাশ শনাক্ত করেন।
শিশুটির বাবা কাজী ইলিয়াছ হোসেন এটিকে হত্যাকাণ্ড দাবি করে বলেন, তাদের কোনো শত্রু নেই। তাঁর ছেলেকে কেন হত্যা করা হলো তা তাঁরা বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, নিহত শিশুটির শরীরে আঘাতের চিহ্ন নেই। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।