নিখোঁজের দুই মাস পর যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর গত শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারীর এক কিশোরীকে (১৫) রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি থেকে উদ্ধার করেছে।
কিশোরীর মা জানান, অভাবের কারণে কয়েক বছর ধরে বোয়ালমারীর নিজ বাড়ি ছেড়ে তাঁর স্বামী খুলনা শহরে কাজের সন্ধানে যান। সেখানে ভাড়া বাসায় পরিবারের সবাইকে নিয়ে তিনি থাকতেন। ঝালমুড়ির ব্যবসা করতেন। বাসার প্রতিবেশী এক নারীর সঙ্গে তাঁদের পরিচয় হয়। এর সূত্র ধরে গত ২ মার্চ ওই নারী তাঁর বোনের বাড়ি বেড়ানোর কথা বলে তাঁর মেয়েকে (কিশোরী) সঙ্গে করে বাসা থেকে বের হন। ওই দিন সন্ধ্যার আগেই তাঁদের বাসায় ফিরে আসার কথা। কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকলে দুদিন আগে তিনি তাঁর মেয়ে যৌনপল্লিতে থাকার সন্ধান পান। পরে তিনি বোয়ালমারী থানার ওসির মাধ্যমে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পর শুক্রবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে শুক্রবার রাতেই চারজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচার আইনে একটি মামলা (নম্বর-৪) করেছে। কিশোরীকে গতকাল শনিবার দুপুরের দিকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।