নিখোঁজের দুদিন পর চালকের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
মোটরসাইকেলের নিহত চালকের নাম রুকন মিয়া (২৩)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী গ্রামের মো. ফজলুল হকের ছেলে। এই ঘটনায় আটক তিনজন হলেন নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের হাফিজুল ইসলাম (১৮), আশরাফুল হক (২০) ও জাহেদুল ইসলাম (২৫)।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও জনপ্রতিনিধিরা জানান, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে রুকনের মোটরসাইকেল ভাড়া নেন হাফিজুল, আশরাফুল হক ও জাহেদুল ইসলাম। রাতে রুকন বাড়ি না ফেরায় পরিবার তাঁকে খুঁজতে থাকে। এ ব্যাপারে রুকনের বাবা ফজলুল হক গত বৃহস্পতিবার হালুয়াঘাট থানায় একটি জিডি করেন। তিনি বিষয়টি রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলমকে জানান। চেয়ারম্যানের নেতৃত্বে গতকাল বিশগিরিপাড়া বাজারে গিয়ে হাফিজুল, আশরাফুল ও জাহেদুলসহ রুকনের পরিবারকে ডাকা হয়। একপর্যায়ে হাফিজুলরা রুকনকে হত্যা করার কথা স্বীকার করেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল রাতে নালিতাবাড়ী উপজেলার রাজারামকুড়া মহাশ্মশানের পাশের খেত থেকে রুকনের লাশ উদ্ধার করা হয়।
রামচন্দ্রকুড়া ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ফজলুল হক বিষয়টি জানানোর পর আজ সকালে বিশগিরিপাড়া বাজারে সালিস ডাকা হয়। হালুয়াঘাট থানার ওসি এম এ হক বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন আটক রয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।