নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল লাশ
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের দুই দিন পর সোহেল মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গলিয়ারচর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহেল জিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর গ্রামের বাহরাইনপ্রবাসী নজরুল ইসলামের ছেলে।
সোহেল উপজেলার গৌরীপুর বাজারে পোশাকের একটি দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করত।
সোহেলের বড় বোন লাকী আক্তারের ভাষ্য, গত শনিবার রাত নয়টার দিকে ভাত খাওয়ার সময় সোহেলের মোবাইলে কয়েকটি ফোন আসে। একপর্যায়ে সে বাইরে বের হয়। কিন্তু বের হওয়ার প্রায় ১০ মিনিট পরই তার মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়। পরিবারের ধারণা, কেউ পরিকল্পিতভাবে ডেকে নিয়ে সোহেলকে হত্যা করেছে।
দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই ) ফিরোজ আহমেদ জানান, গত শনিবার রাতে সোহেল নিখোঁজ হয়। তার কোনো সন্ধান না পেয়ে গতকাল রোববার বিকেলে কিশোরটির মা শিল্পী আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ পুলিশ সেই জিডির তদন্ত করতে গ্রামে যায়। ফেরার পথে সোহেলের চাচাতো ভাইয়ের চিৎকার শুনতে পায় । পরে পুলিশ গ্রামের প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি ডোবায় সোহেলের ভাসমান লাশ দেখতে পায়। লাশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, সোহেলের মা শিল্পী আক্তারের করা জিডিটি হত্যা মামলায় পরিণত হবে।