নিখোঁজের দুদিন পর মিলল লাশ
ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের দুই দিন পর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে সানোয়ারা বেগম (৬২) নামের এক নারীর লাশ। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ১১ সন্তানের মা সানোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সানোয়ারা বেগম বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের শেখ ধলা মিয়ার স্ত্রী। পুলিশ শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সানোয়ারা বেগমের স্বামী ধলা মিয়া জানান, তিনি গত মঙ্গলবার বিকেলে পাশের সৈয়দপুর বাজারে যান। সেখান থেকে রাত ১০টার দিকে বাড়ি ফিরে এসে তাঁর স্ত্রীকে পাননি। ওই রাত থেকে বাড়ির আশপাশে এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
সানোয়ারা বেগমের ছেলে মজনু শেখ বলেন, তাঁর বোন রাশিদা শ্বশুরবাড়ি থেকে বৃহস্পতিবার বিকেলে বাড়িতে আসার পর ঘরের পাশে খড়ের গাদার নিচে রক্তমাখা কাঁথা দেখতে পান। পরে সন্দেহবশত ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের ঢাকনা খুললে সেখানে তাঁর মাকে মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কোবায়েদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেওয়া হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।