নিখোঁজের পর ডোবায় দুই শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর ও ফরিদপুরে নিখোঁজের পর গতকাল মঙ্গলবার দুই শিশুর লাশ পাওয়া গেছে ডোবায়। এর মধ্যে শরীয়তপুরে স্কুলছাত্র নাঈম তালুকদার (১৪) নিখোঁজ হয় আট দিন আগে। আর নিখোঁজের দুদিন পর ফরিদপুরে উদ্ধার করা হয়েছে জোনায়েদ (৪) নামের এক শিশুর লাশ।

শরীয়তপুরে সদর উপজেলার দেওভোগ গ্রামে বাড়ির কাছের পরিত্যক্ত ডোবা থেকে গতকাল সকালে নাঈমের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম ৭ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর গতকাল সকালে নাঈমদের বাড়ির আশপাশ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এর উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন পাশের পরিত্যক্ত ডোবায় একটা বস্তা দেখেন। পুলিশ এসে বস্তা খুললে ভেতরে নাঈমের লাশ পাওয়া যায়। লাশটি ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

দুপুরে দেওভোগ গ্রামে গিয়ে দেখা যায় নাঈমের লাশের পাশে আহাজারি করছেন মা লুৎফা বেগম। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বাড়িতে ভিড় করেছেন অনেকে।

আহাজারির একপর্যায়ে লুৎফা বেগম বলেন, তাঁরা ঢাকায় থাকতেন। অর্থসংকটে পড়লে গ্রামে ফিরে আসেন। পরে ছেলেকে বাড়ির পাশের স্কুলে ভর্তি করে দেন। ৭ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নাঈম না ফিরলে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই। তাই নাঈমকে কারা এভাবে মেরে ফেলল, বুঝতে পারছেন না।

নাঈমের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভুনাথ পোদ্দার বলেন, প্রায় তিন মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল নাঈম।

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, স্কুলছাত্রকে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ফরিদপুর: নিখোঁজের দুদিন পর গতকাল সকালে সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের শিমুলতলা বাজারের এক ডোবা থেকে উদ্ধার করা হয়েছে চার বছরের শিশু জোনায়েদের লাশ। এটি হত্যা, না পানিতে ডুবে মৃত্যু; পুলিশ তা খতিয়ে দেখছে।

পুলিশ জানায়, চরমানাইর ইউনিয়নের ইসমাইল মাতুব্বরের ডাঙ্গি গ্রামের কৃষক শাহীন মাতুব্বরের শিশুসন্তান জোনায়েদ গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। গতকাল সকালে নিজ বাড়ির পাশের এক ডোবায় জোনায়েদের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশ এসে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সদরপুর থানার ওসি মো. হারুন-অর-রশীদ বলেন, শিশুটির লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।