নিখোঁজের পর মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপন দেবনাথ,জহিরুল ইসলাম
রূপন দেবনাথ,জহিরুল ইসলাম

সিলেটে নিখোঁজ হওয়ার এক সপ্তাহের মাথায় এক শিক্ষার্থী এবং নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এঁদের একজন সিলেটের এগ্রিকালচার ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থী রূপন দেবনাথ (২৪), অন্যজন সিলেটের কোম্পানীগঞ্জের সিএনজিচালিত অটোরিকশাচালক জহিরুল ইসলাম (২৮)।
গতকাল বুধবার সকালে শিক্ষার্থী জহিরুল ইসলামের লাশ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার একটি হাওর থেকে উদ্ধার করে পুলিশ। অটোরিকশাচালকের লাশ গত মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জের ধলাবিল থেকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজের পর লাশ মেলায় নিহতের পরিবারের পক্ষ থেকে দুটো ঘটনাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করা হয়েছে।
রূপনের মুখ পোড়ানো: রূপন দেবনাথের বাড়ি মৌলভীবাজারের কাজলধারা গ্রামে। সিলেটে এটিআই ডিপ্লোমা কোর্স সমাপনী-উত্তর শেষ বর্ষের শিক্ষার্থী রূপন দেবনাথ সিলেট নগরের বাগবাড়ি এলাকার একটি মেসে থাকতেন। গত ২৫ আগস্ট সন্ধ্যায় মেসের সহপাঠীদের ‘আসছি’ বলে বের হয়ে আর ফেরেননি। রূপনের বড় ভাই রাজন দেবনাথ পরদিন সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করলে ৩১ আগস্ট প্রথম আলোয় ‘আসছি বলে পাঁচ দিনেও ফেরেনি রূপন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
ইটনা থানার তদন্ত কেন্দ্রের পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে তদন্ত কেন্দ্রের পার্শ্ববর্তী হাওরে একটি লাশ ভেসে ওঠে। উদ্ধারের পর লাশের সঙ্গে পাওয়া মুঠোফোন থেকে সিম বের করে ফোন দিয়ে পরিবারকে জানানো হয়। গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি রূপনের বলে শনাক্ত করেন। লাশের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, লাশের মুখ থেকে গলা পর্যন্ত পোড়া দেখা গেছে। মাথার চুলগুলো পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাঁকে হত্যা করে লাশ হাওরের পানিতে ফেলা হয়েছে। মুখ না চেনার জন্য দাহ্য পদার্থ দেওয়া হতে পারে।
ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আকন্দ জানান, এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করবে।
অটোরিকশাচালকের লাশ পানিতে: কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আবদুল জব্বারের ছেলে জহিরুল ইসলাম (২৮) গত রোববার বিকেলে তিনি নিখোঁজ হন। গত মঙ্গলবার রাত আটটার দিকে কোম্পানীগঞ্জের চাটিবহর এলাকার ধলা বিলের পানিতে ভাসমান অবস্থায় জহিরুলের লাশ উদ্ধার করে পুলিশ।
জহিরুলের ছোট ভাই জিয়াউল ইসলাম লাশ শনাক্ত করেন। জিয়াউল ইসলাম জানান, রাত প্রায় দুইটার দিকে পুলিশকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত কোম্পানীগঞ্জের বর্ণি এলাকায় লাশবাহী গাড়িতে হামলার চেষ্টা করে। এতে ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো দুর্বৃত্ত জহিরুলকে হত্যা করে বিলের পানিতে লাশ ফেলে দিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অপহরণ করে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।