নিখোঁজের পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের নারকেলতলা এলাকার একটি পুকুর থেকে তানিয়া আক্তার (৮) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
শিশুটি নারকেলতলা এলাকায় মামা মোহাম্মদ বিল্লালের বাসায় থেকে পড়াশোনা করত। সে স্থানীয় মোহাম্মদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার মা-বাবা নেত্রকোনার কেন্দুয়ায় থাকেন।
মর্গের সামনে শিশুটির মামা মোহাম্মদ বিল্লাল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটি পান আনতে বাসার বাইরে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয়ভাবে মাইকিংও করা হয়। পুলিশকেও মৌখিভাবে বিষয়টি জানানো হয়। শুক্রবার ভোরে বাসার পাশে পুকুরে একটি বস্তা ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে।
মোহাম্মদ বিল্লাল বলেন, তার সঙ্গে কারও শত্রুতা নেই। কেন, কীভাবে, কারা শিশুটি আটকে রেখে ধর্ষণের পর হত্যা করেছে তিনি বুঝতে পারছেন না।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে লাশটি বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। কী কারণে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ সোলায়মান ও আবদুর রহমান এবং সোলায়মানের ছেলে মো. সাদ্দাম। সোলায়মান ওই বাসার মালিক। ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন শিশুটির মামা মোহাম্মদ বিল্লাল। সোলায়মানের বাসা থেকে শিশুটির জামা ও জুতা উদ্ধার করা হয়েছে।
শিশুর লাশের সুরহতাল প্রতিবেদন তৈরি করেন ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তাঁরও ধারণা ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যায় বলেন, নিহত শিশুর মামা আলাউদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।