নিখোঁজের পর শ্মশানে দুই ছাত্রের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকা থেকে গত মাসে ‘নিখোঁজ’ হওয়া দুই কলেজছাত্রের লাশ যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। যশোর সদর উপজেলার লাউখালী গ্রামের শ্মশান থেকে গতকাল বুধবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের লাশ পাওয়া যায়।
এই দুই ছাত্র হলেন ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের আবুজার গিফারী (২২) ও বাকুলিয়া গ্রামের শামীম হোসেন (২০)। গতকাল সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গত মাসে এক সপ্তাহের ব্যবধানে পুলিশসদস্য পরিচয়ে এই দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরিবার দুটির সদস্যরা বলছেন, দুজনই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গিফারী ছাত্রশিবিরের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি ও শামীম কর্মী।
আবুজার গিফারী যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষ ও শামীম হোসেন ঝিনাইদহ সরকারি কে সি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লাউখালী গ্রামের মাঠের শ্মশানে সকালে লোকজন দুটি লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা যশোর থানা-পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গিফারীর চাচাতো ভাই পান্নু মিয়া সেখানে গিয়ে তাঁকে শনাক্ত করেন। আর শামীমকে শনাক্ত করেন তাঁর ভাই তাজনিম হুসাইন।
গিফারীর পরিবারের ভাষ্য, গত ১৮ মার্চ দুপুরে গিফারী গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে আসার পর দুই মোটরসাইকেলের চারজন আরোহী তাঁকে জাপটে ধরে। এ সময় গিফারীর মা কুলসুম বেগম তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে অস্ত্র দেখিয়ে গিফারীকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় হাতকড়া পরানো হয়।
এদিকে শামীমের মামা ইমরান হোসেন প্রথম আলোকে অভিযোগ করেন, ‘২৪ মার্চ বিকেলে শামীম কালীগঞ্জের মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সামনের একটি দোকানে পত্রিকা পড়ছিল। এ সময় দুটো মোটরসাইকেলে হেলমেট পরা চারজন এসে শামীমকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোক ধাওয়া দিলে পিস্তল বের করে তারা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। পরে থানায় খোঁজ করলে শামীমের সন্ধান মেলেনি।’
উভয় পরিবারের সদস্যরা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নিখোঁজ হওয়ার কয়েক দিন পর কালীগঞ্জ থানায় তাঁরা সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন। কিন্তু সেটা নেওয়া হয়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ময়নাতদন্ত শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গিফারীকে চাপালী গ্রামের পারিবারিক কবরস্থানে ও শামীমকে কোটচাঁদপুর উপজেলার ইকলা গ্রামে দাফন করা হয়েছে। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় চাপালী স্কুল মাঠে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবারের ভাষ্য, গিফারীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আর গাছ কাটার একটি পুরোনো মামলার আসামি শামীম জামিনে ছিলেন।
এখনো নিখোঁজ একজন: কালীগঞ্জ পৌর এলাকার ঈশ্বরবা গ্রামের সোহানূর রহমান নামে ‘নিখোঁজ’ আরেক কলেজছাত্রের এখনো কোনো সন্ধান মেলেনি। ১০ এপ্রিল বিকেলে তাঁকে নিজ গ্রাম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ওই এলাকার মহাসিন আলীর ছেলে। নিখোঁজ এই ছাত্রের পরিবারও অভিযোগ করেছিল, তাঁকে উঠিয়ে নেওয়ার সময় পুলিশের লোক পরিচয় দেওয়া হয়েছে। তবে এই তিন ঘটনাতেই পুলিশ তাদের সম্পৃক্ততার কথা বারবার অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার বিকেলে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাশে ঈশ্বরবা-জামতলা নামক স্থানে একটি দোকানে বসে ছিলেন সোহানূর। এ সময় একটি ইজিবাইকে করে চারজন লোক এসে নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয় এবং অস্ত্রের মুখে সোহানূরকে তুলে কালীগঞ্জের দিকে চলে যায়। উপস্থিত লোকেরা বাধা দিতে গেলে তাঁদের অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়।
সোহানূরের মা পারভীনা বেগম বলেন, তাঁর ছেলে কোনো রাজনীতি করে না। কোনো মামলাও নেই তার বিরুদ্ধে। সে শুধু পড়াশোনা করে। এই অপহরণের বিষয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি।
তিন ছাত্রের কারও পরিবারের জিডি না নেওয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অবশ্য রোববার একজন কলেজছাত্রকে কেউ তুলে নিয়ে গেছে বলে শুনেছি। তবে পুলিশের কেউ এই নামে কাউকে আটক করেনি।’
গত মঙ্গলবার প্রথম আলোয় এই তিন নিখোঁজ ছাত্রকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।