নিখোঁজের পরদিন খালে মিলল স্কুলছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজবাগের দক্ষিণগাঁও থেকে নিখোঁজ হওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি খাল থেকে স্কুলছাত্র সিরাজুল ইসলাম ওরফে সিয়ামের (১৩) লাশ পাওয়া গেছে। সে মতিঝিল মডেল স্কুলের বাসাবো শাখার সপ্তম শ্রেণিতে পড়ত।
পরিবার ও পুলিশ ধারণা করছে, সিরাজুল সাঁতার জানত না। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
সিরাজুল মা-বাবার সঙ্গে দক্ষিণগাঁওয়ের নন্দীপাড়ায় থাকত। তার স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে। গত বুধবার বেলা ১১টার দিকে সিরাজুল বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়। বেলা একটার দিকে শরীরে কাদামাখা অবস্থায় বাসায় ফিরে বাইসাইকেল রেখে সে আবার বেরিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। দুই ভাইয়ের মধ্যে সিরাজুল বড়। তার বাবার নাম হামিদুল ইসলাম।
সিরাজুলের চাচা শহীদুল ইসলাম বলেন, দুপুরে খাওয়ার সময় পেরিয়ে গেলেও সিরাজুল বাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে তার খোঁজ করা হয়। সন্ধ্যায় স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়। খোঁজ না পেয়ে পরে সবুজবাগ থানায় নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির বলেন, স্থানীয় লোকজন খালে সিরাজুলের লাশ ভাসতে দেখে। পুলিশ স্বজনদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।