নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর নুরুন নবী (৪০) নামে এক ব্যক্তির হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রামের জালিয়ার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত নুরুন নবী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মাহমুদুল হকের ছেলে। ১৫-১৬ বছর ধরে তিনি চর কচ্ছপিয়া গ্রামের বিভিন্ন মানুষের গরু লালন-পালন করতেন। এই গ্রামেই থাকতেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি বলেন, নুরুন নবীকে চার-পাঁচ দিন আগে হত্যা করা হতে পারে। পরে লাশ খালে ফেলে দেওয়া হয়। লাশের দুই হাত বাঁধা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা মো. আবু সুফিয়ানকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খীসা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নিহত নুরুন নবীর স্ত্রী শিরিন আক্তার জানিয়েছেন, গত বুধবার দুপুরে তাঁর স্বামী বসতঘর মেরামতের জন্য ঢেউটিন কিনতে ২০-২৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না।
এএসপি বলেন, জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে সুফিয়ান ও তাঁর সহযোগীরা নুরুন নবীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ খালের কাদামাটিতে পুঁতে রাখে বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন। গ্রামের যে ঘরে জুয়া খেলা হতো, সেই ঘর থেকে রক্তমাখা দা, একটি কলসিসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যেতে পারে।