নিখোঁজের পাঁচ দিন পর মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরব
নিরব

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর নিরব হোসেন (৬) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের পেছনের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামের আবদুল বারেক তালুকদারের ছেলে।
থানা-পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, গত মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে শিশুটি নিজ বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এরই একপর্যায়ে সবার অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। বিকেল পর্যন্ত তাকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও আর শিশুটিকে পাওয়া যায়নি। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির বাবা আবদুল বারেক তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কামারখন্দ থানায় মামলা করেন।
গতকাল সকাল সাতটার দিকে উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের পেছনের জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন গিয়ে দেখে একটি শিশুর গলিত লাশ পড়ে আছে। পরে লোকজন থানা-পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ১০টায় লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা নিরবের লাশ শনাক্ত করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে কে বা কারা হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। পচে লাশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে তাকে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।