নিখোঁজের পাঁচ দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের পাঁচ দিন পর জামালপুর সদর উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নরুন্দি এলাকার ইটাইল বাজারের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে আবদুল হক (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আবদুল হক নরুন্দি এলাকার মহিশুড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি আরব-বাংলাদেশ হজ এজেন্সির জামালপুর প্রতিনিধি ও ইসলামি শ্রমিক আন্দোলন কমিটির জামালপুর জেলা শাখার সহসভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি জামালপুর শহরের কাঁছারিপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টা থেকে তিনি নিখোঁজ হন। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ব্রহ্মপুত্র নদে একটি সিমেন্টের খুঁটির সঙ্গে বাঁধা একটি লাশ স্থানীয় লোকজন ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনেরা লাশটি আবদুল হকের বলে শনাক্ত করেন।

নিহত আবদুল হকের বোনজামাই গোলাম রব্বানী অভিযোগ করেন, তাঁকে (আবদুল হক) হত্যা করা হয়েছে। হত্যার পর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হত্যাকারীরা সিমেন্টের খুঁটির সঙ্গে লাশ বেঁধে নদীতে পুঁতে রাখে। শুক্রবার রাত নয়টার দিকে ১০ লাখ টাকা নিয়ে আবদুল হক ইটাইল বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় গত শনিবার সন্ধ্যায় জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর লাশ নদীতে সিমেন্টের খুঁটির সঙ্গে পুঁতে রেখেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।