নিখোঁজের পাঁচ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
বগুড়ায় নিখোঁজের পাঁচ দিন পর রিপন নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার চাঁদপুর-গড়ের মাঠ জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রিপন বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বারপুর মধ্যপাড়ার ফারুক হোসেনের ছেলে।
ফারুক হোসেন বলেন, ‘রিপন গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুপুরে চাঁদপুর-গড়ের মাঠ জঙ্গলে গাছ কাটতে গিয়ে স্থানীয় কাঠুরিয়ারা ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। সেখানে গিয়ে আমি লাশ শনাক্ত করি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। কারা কী উদ্দেশ্যে রিপনকে হত্যা করেছে, তা এখনো বুঝতে পারছি না।’
পরিচয় মিলেছে: ধুনটে দুর্বৃত্তদের হাতে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম বাবর আলী শেখ (৬১)। তিনি সিরাজগঞ্জ জেলার বাগবাটি ইউনিয়নের হরিনা গোপাল গ্রামের বাসিন্দা ছিলেন।
গত শুক্রবার রাতে ধুনট উপজেলার মথুরাপুর-ধানঘরা রাস্তার পাশে খাদুলী গ্রামের চেচিয়ার বিলের পানি থেকে তাঁর লাশ উদ্ধার করে ধুনট থানার পুলিশ।