নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ইসমাইল হোসেন নামের এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার ইটভাটি গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ইসমাইল (১১) স্থানীয় ঈদবারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল এবং ইটভাটি গ্রামের গাড়িচালক মো. ফিরোজ ভূইয়ার ছেলে।
ইসমাইল গত শুক্রবার ভোর ছয়টার দিকে স্থানীয় মক্তবে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় গত সোমবার তার বাবা আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, লাশটি পরিবারের সদস্যরা ইসমাইলের বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
ঝুলন্ত লাশ উদ্ধার: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রাম থেকে গতকাল দুপুরে নূরুল হক মোল্লা (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নূরুল ছাই থেকে সোনা ও রুপা বের করার কাজ করতেন। তাঁর স্ত্রী লেবাননে এবং তিন ছেলে ঢাকায় থাকেন। নূরুল গত মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গতকাল সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রতিবেশীরা জানালার ফাঁক দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।