নিখোঁজের সাত দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই থেকে সাত দিন আগে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের লাশ আজ সোমবার উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ওই স্কুলছাত্রের নাম রাশেদ হোসেন (১০)। তার বাবা একই গ্রামের নুর আলম। রাশেদ গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রাশেদের বড় ভাই আমিরুল আজিম জানান, ৯ আগস্ট সে স্কুল থেকে বাড়িতে ফিরে আসেনি। প্রাথমিকভাবে আত্মীয়স্বজনের বাড়িতে তাঁরা খোঁজাখুঁজি করেও না পেয়ে ১২ আগস্ট চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় রাশেদের লাশ ভাসতে দেখে প্রতিবেশী এক ব্যক্তি তাঁদের খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁদের কোনো শত্রু নেই জানিয়ে তিনি বলেন, কারা কী কারণে তাঁর ভাইকে হত্যা করেছে, তা বুঝতে পারছেন না।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চাটখিল থেকে একটি লাশ বেলা তিনটার দিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে এসেছে। লাশটি মর্গে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ময়নাতদন্ত হবে।’

নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।