নিখোঁজের ১০ দিন পর র্যাবের 'বন্দুকযুদ্ধে' নিহত
পটুয়াখালীতে তরিকুল ইসলাম ওরফে কালা ভাই (৩০) নামের এক ব্যক্তি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পটুয়াখালীর বিসিক এলাকায় গতকাল সোমবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি এলজি, ১৩টি গুলি, ৬৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
নিহত তরিকুল শহরের চরপাড়া এলাকার মান্নান বাবুর্চির ছেলে।
পুলিশের ভাষ্য, তরিকুল হত্যাসহ একাধিক মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ১৭ জুলাই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তরিকুলের স্ত্রী রেখা বেগম গত মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
র্যাবের পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক ফজলুর রহমানের ভাষ্য, ভোর চারটার দিকে র্যাবের একটি দল টহল গাড়িতে পটুয়াখালীর বিসিক এলাকায় পৌঁছালে গাড়ির আলোতে এলাকার লাউকাঠি নদীর পাড়ে মাঠে ছয়-সাতজন সন্দেহভাজন ব্যক্তির অবস্থান দেখতে পেয়ে তাঁদের পরিচয় জানতে ও তল্লাশির উদ্দেশ্যে অগ্রসর হলে সন্দেহভাজন ব্যক্তিরা দৌড়াতে থাকেন। তাঁদের পিছু নিলে পলায়নরত ব্যক্তিরা র্যাবকে লক্ষ্য করে আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এ সময় র্যাবের সদস্যরাও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়েন। ১৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটেন ও পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় একজন সন্ত্রাসীকে পড়ে থাকতে দেখে তাঁকে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে তরিকুল ইসলাম ওরফে কালা ভাই বলে শনাক্ত করেন।
র্যাবের ভাষ্য, তরিকুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জেলার সদর থানাসহ বিভিন্ন থানায় ২৮ থেকে ৩০টি মামলা রয়েছে। এ ঘটনায় পটুয়াখালী র্যাবের ক্যাম্পের ডিএডি মুনসুর আহমেদ বাদী হয়ে সদর থানায় সরকারি কাজে বাধা, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, তরিকুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সদর থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের পক্ষ থেকে সদর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।