নিখোঁজের ১১ ঘণ্টা পর গর্তে মিলল শিশুর লাশ
নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর নির্মাণাধীন ভবনের গর্তে মিলল চার বছরের এক শিশুর লাশ। গত শুক্রবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে মোসাম্মৎ মুসকান নামের ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ বলছে, শিশুটির মৃত্যু রহস্যজনক।
মুসকানের বাসা ক্যান্টনমেন্ট থানার পূর্ব মানিকদি এলাকায়। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়। বাবা ইকবাল ঢালী মিরপুর ১০ নম্বরে দোকান নিয়ে কম্পিউটার বেচাকেনার ব্যবসা করেন। শরীয়তপুরের কালকিনিতে মুসকানদের গ্রামের বাড়ি।
মুসকানের পরিবার জানায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে বাসায় মায়ের সঙ্গেই ছিল মুসকান। মায়ের কাজের ব্যস্ততার ফাঁকে সে বাসার বাইরে চলে যায়। বেলা ১১টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের মহল্লাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। রাতে মুসকানের আত্মীয় জহিরুল ইসলাম ওরফে বাদল এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জহিরুল প্রথম আলোকে বলেন, জিডি করার পর তাঁরা আবারও বাসার আশপাশের বিভিন্ন জায়গায় মুসকানকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাতে বাসা থেকে চার-পাঁচ শ গজ দূরে নির্মাণাধীন ভবনের রিজার্ভ ট্যাংকের জন্য তৈরি করা গর্তে মিলে মুসকানের লাশ। লাশটি গর্তের চার-পাঁচ ফুট উচ্চতার পানিতে ভাসছিল। তাকে সেখান থেকে তুলে বাসায় নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। গতকাল শনিবার সকাল নয়টার দিকে ওই গর্তের কিছুটা দূরে মুসকানের দুইটি স্যান্ডেল পাওয়া যায়।
জহিরুল বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে ওই গর্তসহ বিভিন্ন এলাকায় খুঁজেছি। পাই নাই। স্যান্ডেলও দেখি নাই। কিন্তু আবার রাতে গিয়ে লাশ পেলাম। পরে পেলাম স্যান্ডেল। তাই এ মৃত্যু নিয়া সন্দেহ লাগতেছে।’ তবে মুসকানের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই বলে জানান জহিরুল।
সুরতহালের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশুটির ডান চোখের পাশে আঘাতের চিহ্ন ও বুকে ফোলা জখম আছে।
সুরতহাল প্রস্তুতকারী ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল মিয়া প্রথম আলোকে বলেন, মৃত্যু নিয়ে আমাদেরও সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্ত করতে দিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।