নিখোঁজের ১২ দিন পর মস্তকবিহীন লাশ উদ্ধার
কুষ্টিয়া থেকে নিখোঁজের ১২ দিন পর কলা ব্যবসায়ী তৌফিকুল ইসলামের (২৯) মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার জামজামি যমুনা মাঠের গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তৌফিকুল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন বলরামপুর গ্রামের মৃত দারুল ইসলামের ছেলে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তৌফিকুল ইসলাম ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ২২ জুলাই ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে যমুনা মাঠের জিকে খালে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে তিনি নিজে এবং আলমডাঙ্গা থানার পুলিশসহ তৌফিকুলের আত্মীয়স্বজনেরা ঘটনাস্থলে যান। আলমডাঙ্গা ও ইবি থানা পাশাপাশি অবস্থিত।
নিহত তৌফিকুলের ভাই রফিকুল ইসলাম লাশের গায়ে থাকা লুঙ্গি ও গেঞ্জি দেখে লাশটি শনাক্ত করেন।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল তৈরি শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।