নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিশুর গলা কাটা লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় শহীদ মিয়া (১১) নামের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানি গ্রামের আজিজার রহমান মণ্ডলের ছেলে। সে স্থানীয় জামদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সাদুল্যাপুরের মোংলাপাড়ার পাশেই পীরগঞ্জের জামদানি গ্রাম অবস্থিত।
সাদুল্যাপুর থানা-পুলিশ বলেছে, শহীদের বাবা আজিজার একজন রিকশা-ভ্যানচালক। শহীদও লেখাপড়ার পাশাপাশি বাবার রিকশা-ভ্যান চালাত। গত বুধবার স্কুল ছুটির পর বেলা সাড়ে তিনটার দিকে সে ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও না ফিরলে তার সন্ধান শুরু করে স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে এলাকায় শহীদের নিখোঁজ হওয়ার বিষয়টি মাইকে প্রচারও করা হয়।
পুলিশ আরও বলেছে, গতকাল সকাল সাতটার দিকে মোংলাপাড়ার ছাইগাড়ি-মোংলাপাড়া সড়কের পাশে শহীদের গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শহীদের ভ্যানটি ছিনতাই করার সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মামলারও প্রস্তুতি চলছে।